রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স সংগ্রহে ধারাবাহিক সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসি। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধ ও নিরাপদ পথে দেশে আনতে কার্যকর উদ্যোগ ও আন্তরিক সেবার স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ অর্থবছরে দেশের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে জনতা ব্যাংক।
বুধবার রাজধানীর ঐতিহ্যবাহী ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ও ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশের প্রবাসী ও রেমিট্যান্স খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের হাত থেকে জনতা ব্যাংকের পক্ষে সম্মাননা পদক গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহী, কূটনীতিক ও প্রবাসী সংগঠনের প্রতিনিধিরা।
সম্মাননা গ্রহণকালে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান বলেন, “প্রবাসী ভাই-বোনদের আস্থা ও ভালোবাসাই আমাদের এই সাফল্যের মূল ভিত্তি। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ায় দেশে পৌঁছে দিতে জনতা ব্যাংক সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।”
জনতা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য সহজ ও আধুনিক রেমিট্যান্স সেবা নিশ্চিত করতে ব্যাংকটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, এক্সচেঞ্জ হাউস এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করেছে। পাশাপাশি প্রবাসীদের উৎসাহিত করতে দ্রুত অর্থ প্রাপ্তি, স্বল্প খরচে লেনদেন এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করা হয়েছে।
তারা আরও জানায়, ভবিষ্যতে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়াতে প্রবাসীবান্ধব নতুন সেবা চালু, বিদেশি এক্সচেঞ্জ হাউসের সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।
বিশেষজ্ঞদের মতে, জনতা ব্যাংকের এই সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, বরং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা ও জাতীয় অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিট্যান্স খাতে জনতা ব্যাংকের এই অর্জন অন্যান্য ব্যাংকের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।