মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
মনিরুল ইসলাম, মঠবাড়িয়া, পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মুসুল্লিবাড়ী এলাকায় চরখালী-মঠবাড়িয়া আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকারের গতিরোধ করে রাধেশ্যাম সাহা নামে এক ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তার বাড়ি ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট এলাকায় এবং সে ওই এলাকার মৃত ননী গোপাল সাহার পুত্র।
এ ঘটনায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) বিকালে ওই ব্যবসায়ী সুতা জাল বিক্রি করার পাওনা টাকা আদায় করার জন্য পাথরঘাটা ও চরদুয়ানি সহ বিভিন্ন মোকামে গিয়ে তাগাদা দেন।এরপর ওইদিন তার ব্যবহৃত কালো রংয়ের প্রাইভেট কার নিয়ে বাড়ির দিকে ফিরে যাওয়ার সময় রাত ৯টার দিকে মুসুল্লিবাড়ি এলাকায় পৌছালে তার ওপর হামলার চেষ্টা করা হয়। আঞ্চলিক মহাসড়কে আড়াআড়িভাবে পিকআপ রেখে প্রাইভেটকারটির গতিরোধ করা হয়।জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য হাত বোমা ও ককটেল নিক্ষেপ করা হয়। চাপাতি দিয়ে গাড়ির জানালার গ্লাস ভেঙে সাথে থাকা টাকা এবং মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।আত্মরক্ষার জন্য প্রাইভেটকারটি ড্রাইভারের চেষ্টায় কিছুটা পিছনের দিকে নিয়ে গেলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে টায়ারে কোপ দেয়।এ সময় ওই ব্যবসায়ীর ডাক চিৎকার ও বিস্ফোরণের শব্দে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পিকআপযোগে উত্তর দিকে পালিয়ে যায়।খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং মামলা নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে।
এ ব্যাপারে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান,পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার চেষ্টা করা হতে পারে। তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন হবে।মামলার আলামত হিসেবে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তদন্ত শেষে এটি মালিকের কাছে ফেরত দেওয়া হবে।