শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম
টিকাদান জোরদারে সমৃদ্ধ হবে প্রাণিসম্পদ খাত: প্রতিমন্ত্রী কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মহম্মদপুরে স্টার্টআপ ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিংয়ের উদ্বোধন কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী প্রথমবার বিশ্বকাপে কুরাসাও, প্রতিপক্ষ ব্রাজিলকে ৭ গোল দেওয়া জার্মানি কমনওয়েলথ গেমসে জিনাত, এশিয়ান গেমসের ফান রান হারের ম্যাচে ৮ লাল কার্ড দেখল ব্রাজিল
প্রথমবার মাথাপিছু আয়ে ৩ হাজার ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রথমবার মাথাপিছু আয়ে ৩ হাজার ডলারের মাইলফলকে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাথাপিছু আয় ৩ হাজার মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতির আকারও ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, পরিসংখ্যানগত এই অগ্রগতির সুফল সাধারণ মানুষের জীবনমান ও ক্রয়ক্ষমতায় কতটা প্রতিফলিত হচ্ছে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী, বিদায়ী অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা, যা ডলারের হিসাবে ৩ হাজার ২০ ডলার। এর আগের অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা বা ২ হাজার ৭৬৯ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩৪ হাজার ৩৬২ টাকা।

বিবিএসের তথ্য অনুযায়ী, একই সময়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক গতি ফিরে এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় বেশি।

বর্তমান বাজারমূল্যে দেশের অর্থনীতির আকারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিদায়ী অর্থবছরে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা প্রায় ৫০১ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। আগের অর্থবছরে অর্থনীতির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা ৪৫৬ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি এবং বাণিজ্যিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকা ইতিবাচক সংকেত। মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়ানো এবং অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার অতিক্রম করাও দেশের অর্থনৈতিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক।

তবে অর্থনীতিবিদদের মতে, কেবল মাথাপিছু আয় বৃদ্ধি বা জিডিপির আকার বড় হওয়াই যথেষ্ট নয়। আয় বৃদ্ধির সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছানো, কর্মসংস্থান বৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমিয়ে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়ানোই হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জ।

২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাবের এই তথ্য বাংলাদেশের অর্থনীতির জন্য একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হলেও এর বাস্তব প্রভাব মূল্যায়ন হবে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2026 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: