শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রী কলেজে সম্প্রতি গঠিত হয়েছে নতুন ম্যানেজিং কমিটি। এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের প্রথিতযশা সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা অঙ্গনে সুনামের সঙ্গে কাজ করে আসছেন এবং সমাজ উন্নয়ন ও শিক্ষার প্রসারে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী দলের তরুণ ও উদীয়মান নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন। শিক্ষা, সমাজসেবা ও তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশে তার সক্রিয় ভূমিকা স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
নতুন এই নেতৃত্ব কলেজের সার্বিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে বলে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আশাবাদ সৃষ্টি হয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটি আধুনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তন, শিক্ষক প্রশিক্ষণ জোরদার, তথ্যপ্রযুক্তিনির্ভর পাঠদান ব্যবস্থা চালু, এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেবে।
অঞ্চলের অন্যতম পুরোনো এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের অন্যতম ভরসাস্থল হিসেবে পরিচিত। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে কিছুদিন ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রমে এক ধরনের স্থবিরতা দেখা গিয়েছিল। নতুন কমিটি সেই স্থবিরতা কাটিয়ে শিক্ষার পরিবেশে প্রাণ ফিরিয়ে আনার প্রত্যয়ে এগিয়ে এসেছে।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, সাংবাদিক ইলিয়াস খানের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও দেশজুড়ে পরিচিতি কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিদ্যোৎসাহী মোঃ জাহাঙ্গীর হোসেনের শিক্ষা উন্নয়নে আন্তরিক মনোভাব কলেজকে এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, যদি এই কমিটি ঘোষিত লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, তবে বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রী কলেজ শিগগিরই এ অঞ্চলের একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।