রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশের মৎস্য খাত আজ নতুন দিগন্তে প্রবেশ করেছে। সাম্প্রতিক সময়ের ধারাবাহিক উন্নয়ন কর্মসূচির ফলে, মৎস্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ প্রতিটি ক্ষেত্রে এসেছে নতুন মাত্রা। এই বিপ্লব মূলত ডিজির দক্ষ নেতৃত্ব এবং তার দৃষ্টিভঙ্গির ফলাফল।
ডিজি তাঁর নেতৃত্বে খাতটিকে টেকসই উন্নয়নের পথে নিয়ে গেছেন। আধুনিক প্রযুক্তি, স্বয়ংক্রিয় সরঞ্জাম এবং তথ্যভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য চাষে এসেছে ব্যাপক পরিবর্তন। এ ছাড়া, জেলেদের প্রশিক্ষণ, স্বাস্থ্যকর চাষপদ্ধতি এবং সঠিক বিপণন ব্যবস্থার মাধ্যমে উৎপাদন ও আয়ের পরিসর বেড়েছে।
বিশেষভাবে লক্ষ্য করা গেছে যে, ডিজির কার্যক্রমে ছোট ও মাঝারি মৎস্য চাষীদেরও অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। ফলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে। মৎস্য রফতানিতেও ইতিমধ্যে উন্নতি লক্ষ করা যাচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
একাধিক সূত্রের মতে, ডিজির নেতৃত্বে মৎস্য অধিদপ্তরের উদ্যোগগুলো শুধুমাত্র উৎপাদন বৃদ্ধিতেই সীমাবদ্ধ নয়, বরং খাতকে সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনার দিকে নিয়ে যাচ্ছে।
মৎস্য খাতের টেকসই উন্নয়নে বাংলাদেশ :
বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ জীবিকার অন্যতম প্রধান ভরসাস্থল মৎস্য খাত। দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই খাতকে আরও টেকসই, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো একের পর এক উদ্যোগ বাস্তবায়ন করছে। ফলে উৎপাদন, বিপণন ও সংরক্ষণ ব্যবস্থায় এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি।
উৎপাদনে ধারাবাহিক বৃদ্ধি : গত এক দশকে দেশে মৎস্য উৎপাদন বেড়েছে বহুগুণ। আধুনিক মাছ চাষ প্রযুক্তি, জেলে ও চাষিদের প্রশিক্ষণ, উপকূলীয় অঞ্চলে চিংড়ি ও সামুদ্রিক মাছ আহরণের সক্ষমতা বৃদ্ধি—সবকিছু মিলিয়ে উৎপাদনের এই ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত হয়েছে। বিশেষ করে ইলিশ, রুই, কাতলা, পাঙ্গাস ও তেলাপিয়ার চাষে এসেছে বৈপ্লবিক উন্নয়ন।
সংরক্ষণে কঠোর নজরদারি : টেকসই উন্নয়নের অন্যতম শর্ত মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষা করা। এজন্য ইলিশসহ গুরুত্বপূর্ণ প্রজাতির নিরাপদ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা, মা মাছ ও জাটকা রক্ষায় অভিযান এবং নদী–খাল-জলাশয় পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল দেখাচ্ছে। মাছের প্রজনন ক্ষেত্র পুনরুজ্জীবিত হওয়ায় উৎপাদন আরও বাড়ছে।
প্রযুক্তি ব্যবহারে নতুন দিগন্ত : মৎস্য খাতে এখন ড্রোন নজরদারি, ডিজিটাল ডেটা সংগ্রহ, স্মার্ট ফিশারিজ ম্যানেজমেন্ট, জেলেদের বায়োমেট্রিক নিবন্ধন এবং আধুনিক মাছ চাষ প্রযুক্তি জনপ্রিয় হয়ে উঠছে। পাশাপাশি ফিড, রেনু উৎপাদন, রোগব্যবস্থাপনা এবং জলমান নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
রপ্তানি আয়ে সম্ভাবনা : চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক মাছ রপ্তানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ এবং সার্টিফিকেশন ব্যবস্থার উন্নতি করা হয়েছে। এতে রপ্তানি প্রবাহ আরও বৃদ্ধি পেতে শুরু করেছে।
পরিবেশবান্ধব মাছ চাষে উৎসাহ: কৃত্রিম রাসায়নিক কমানো, প্রাকৃতিক খাদ্য উৎপাদন, বায়ো-ফ্লক ও রিসার্কুলেশন অ্যাকুয়াকালচার সিস্টেম (জঅঝ)–এর মতো আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি চাষিদের মাঝে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এগুলো ভবিষ্যতের টেকসই মৎস্য উৎপাদনের মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি:
বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাত একটি বহুমাত্রিক এবং অপরিহার্য স্তম্ভ হিসেবে স্বীকৃত। দেশের মোট দেশজ উৎপাদনে (GDP) এই খাতের অবদান প্রায় ৩.৫৭% এবং কৃষিখাতের জিডিপিতে এর অংশ প্রায় ২৫.৩২%। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রায় ১.৯৫ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই খাতের উপর নির্ভরশীল। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এর ভূমিকা অনস্বীকার্য। মৎস্য উৎপাদনে বাংলাদেশের যুগান্তকারী অগ্রগতি হয়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে স্বাদু পানিতে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং বদ্ধ পানিতে (যেমন পুকুর) মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এই সম্ভাবনাময় খাতকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হলে কিছু সুনির্দিষ্ট ও বিস্তারিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
মৎস্য উৎপাদন বৃদ্ধির প্রধান চাবিকাঠি হলো আধুনিক প্রযুক্তির প্রয়োগ। গতানুগতিক পদ্ধতির পরিবর্তে বায়োফ্লক, রেসওয়ে এবং খাঁচা পদ্ধতির মতো উন্নত কৌশলগুলো এখন বৈশ্বিকভাবে স্বীকৃত। বায়োফ্লক পদ্ধতিতে অল্প জায়গায় এবং কম পানিতে অধিক ঘনত্বে মাছ চাষ করা সম্ভব। এই পদ্ধতি একদিকে যেমন পানির অপচয় কমায়, অন্যদিকে তেমনই মাছের খাদ্য খরচও সাশ্রয়ী হয়, কারণ মাছ তাদের নিজস্ব বর্জ্যকে প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। অন্যদিকে, নদীতে খাঁচা পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উন্মুক্ত জলাশয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায় এবং প্রাকৃতিক পরিবেশের উপর চাপ কমে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BFRI) ইলিশ, পাবদা, গুলশা, শিং, মাগুর, কইসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের কৃত্রিম প্রজনন ও চাষের কৌশল উদ্ভাবন করেছে, যা চাষিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মৎস্য অধিদপ্তর ও বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগে এসব প্রযুক্তি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া গেলে উৎপাদন আরও বহুগুণ বৃদ্ধি পাবে।
দেশের মৎস্য সম্পদের এক-তৃতীয়াংশেরও বেশি আসে উন্মুক্ত জলাশয় যেমন নদী, বিল, হাওর ও প্লাবনভূমি থেকে। এই সম্পদকে সুরক্ষিত রাখতে হলে জলাশয়ের অবৈধ দখল, দূষণ এবং অতি-আহরণ (over-fishing) বন্ধ করা আবশ্যক। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ (The Protection and Conservation of Fish Act, ১৯৫০) কঠোরভাবে প্রয়োগ করে মাছের প্রজনন মৌসুমে বিশেষ করে ইলিশ ও অন্যান্য মা-মাছ ধরায় নিষেধাজ্ঞা নিশ্চিত করতে হবে। বর্ষাকালে জাটকা সংরক্ষণে সরকারের অভিযানগুলো প্রশংসনীয়, তবে এর ধারাবাহিকতা ও পরিধি আরও বিস্তৃত করা প্রয়োজন। জলাশয় খনন করে এর নাব্য বৃদ্ধি এবং মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত স্থানগুলো সংরক্ষণ করা হলে প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। উদাহরণস্বরূপ, হাওর অঞ্চলে প্রতিষ্ঠিত মৎস্য অভয়াশ্রমগুলো দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রপ্তানি খাতে মৎস্য বাংলাদেশের অন্যতম প্রধান একটি পণ্য। হিমায়িত চিংড়ি, ইলিশ এবং অন্যান্য সামুদ্রিক মাছ রপ্তানি করে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) এর তথ্য অনুযায়ী, মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ প্রতি বছর গড়ে প্রায় ৫০০-৬০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে। এই আয়কে আরও বহুগুণ বৃদ্ধি করতে হলে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোর কঠোর মানদণ্ড পূরণের জন্য হ্যাসাপ (HACCP) এবং বিআরসি (ইজঈ) সার্টিফিকেশন অর্জন করা অপরিহার্য। এই লক্ষ্য পূরণে আধুনিক প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপন এবং দক্ষ জনবল তৈরি করতে হবে। পাশাপাশি শুঁটকি, মাছের তেল, ফিশ ফিলেট এবং অন্যান্য মূল্য সংযোজিত পণ্যের value-added products) রপ্তানি বাজার অনুসন্ধানের মাধ্যমে পণ্যের বৈচিত্র্য বাড়ানো যেতে পারে।
পরবর্তীতে আরও প্রযুক্তি নির্ভর উদ্যোগ গ্রহণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মৎস্য উৎপাদন নিশ্চিত করতে ডিজি পরিকল্পনা হাতে নিয়েছেন, যা বাংলাদেশের মৎস্য খাতকে দক্ষিণ এশিয়ায় অন্যতম শক্তিশালী শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করবে।