রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন জায়গায় মা ইলিশ শিকারের সময় ৫ জেলেকে আটক করে জরিমানা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল ও মাছ।
প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অভিযান চলছে। অভিযানে পদ্মা-মেঘনাসহ বিভিন্ন নদ-নদীতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। স্পিডবোড দিয়ে টহলের পাশাপাশি বাজারে ইলিশ বিক্রি ও মজুতে রয়েছে কঠোর নজরদারি।
তৃতীয় দিনের মতো সকাল থেকেই পটুয়াখালীর পায়রা নদীতে অভিযান চালায় মৎস্য বিভাগ ও নৌপুলিশ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে ৫ জেলেকে আটক করে জরিমানা করা হয়। জব্দ করা হয় ১০ হাজার মিটার কারেন্টসহ চরগড়া জাল।
অপরদিকে, ভোলাতেও অভিযান চালিয়ে ৯ হাজার মিটার জাল ও প্রায় এক মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।
তবে ঠিক বিপরীত চিত্র চাঁদপুরে। অভিযানের মুখে খালি নদীর তীর। নেই কোনো মাছ ধরার নৌকা অথবা জেলে। নিষেধাজ্ঞা মেনে মাছ শিকারে যাননি জেলেরা।